ম্যাচের শুরু থেকে উজ্জীবিত ফুটবল খেললো অস্ট্রিয়া। দুবার পিছিয়ে পড়েও সমতা ফেরায় নেদারল্যান্ডস। তৃতীয়বার আর পারল না তারা।
বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে মঙ্গলবার 'ডি' গ্রুপে শেষ রাউন্ডের ম্যাচে অস্ট্রিয়া ৩-২ গোলে হারিয়েছে নেদারল্যান্ডসকে। ৩৪ বছর পর ডাচদের হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোতে উঠলো অস্ট্রিয়া।
নেদারল্যান্ডসের বিপক্ষে এর আগে সবশেষ অস্ট্রিয়া জিতেছিল ১৯৯০ সালে, প্রীতি ম্যাচে।
গ্রুপে অপর ম্যাচটি (ফ্রান্স-পোল্যান্ড) ড্র হওয়ায় ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েই শেষ ষোলোতে উঠল রাল্ফ রাংনিকের দল। এই প্রথমবারের মতো ইউরোতে গ্রুপ পর্ব শীর্ষে থেকে শেষ করলো অস্ট্রিয়া।
ম্যাচের ৬ মিনিটে মালেনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া। ৪৭ মিনিটে সেটি শোধ দেন কোডি গাকপো। ৫৯ মিনিটে রোমানো স্মিড গোল করলে এগিয়ে যায় অস্ট্রিয়া।
৭৫ মিনিটে গোল শোধ দেন নেদারল্যান্ডসের মেম্ফিস ডিপে। তবে ৮০ মিনিটে অধিনায়ক মার্সেল সাবিটজার গোল করলে আবারও এগিয়ে যায় অস্ট্রিয়া। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় পায় অস্ট্রিয়া।