লাউতারোর ৮৮ মিনিটের গোলে কোপার কোয়ার্টারে আর্জেন্টিনা

কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে লাউতারো মার্তিনেজের শেষ সময়ের একমাত্র গোলে চিলিকে হারিয়েছে আর্জেন্টিনা। 

মেটলাইফে ম্যাচের শুরু থেকেই একক আধিপত্য দেখালেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি মেসিরা। দ্বিতীয়ার্ধে এসে আক্রমণ আরও জোরালো করে আর্জেন্টিনা। তবুও জালের দেখা পাচ্ছিলেন না লিওনেল স্কালোনির শিষ্যরা। অবশেষে ম্যাচের ৮৮ মিনিটে জালের দেখা পান মার্তিনেজ। তার ওই একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। সেই সঙ্গে এক ম্যাচ হাতে থাকতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো মেসিদের। 

ম্যাচে ৬২ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল আর্জেন্টিনা। অন টার্গেটে শট ছিল ৯টি। এই ম্যাচে শরীরী ফুটবল খেলেছে দুই পক্ষই। মোট ২১ বার বেজেছে ফাউলের বাঁশি। এমনকি মেসিকে একবার চিকিৎসার জন্য যেতে হয়েছে মাঠের বাইরে। এরপর আবারও ফিরেছেন মেসি। হয়েছেন আক্রমণাত্মক। গ্রুপের অন্য ম্যাচে পেরুকে হারিয়ে দিয়েছে কানাডা।

প্রথমার্ধে গোলের জন্য ১৩টি শট নেয় আর্জেন্টিনা। ৩টি পোস্টে রাখতে পারলেও গোল হয়নি। দ্বিতীয়ার্ধেও আক্রমণের পসরা অব্যাহত রাখে চ্যাম্পিয়নরা। নিকো গঞ্জালেসের একটি শট গিয়ে লাগে চিলির ক্রসবারে। ৬৮ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন খোদ জাদুকর নিজেই। আর্জেন্টিনাও ম্যাচের ৭২ মিনিটের মধ্যে নিয়েছে ১৭টি শট। তবু গোল আসছিল না।

ম্যাচে আর্জেন্টিনার সমর্থকদের মনে ত্রাস ধরিয়ে দিয়েছিলেন চিলির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রিগো এচেভেরিয়া। ৭১ মিনিট পর্যন্ত শটই নিতে পারেনি চিলি। ৭২ মিনিটে বক্সের বাইরে ফাঁকা জায়গায় বল পেয়ে শট নেন এচেভেরিয়া। সেটি ডাইভ দিয়ে ঠেকান দিবু মার্তিনেজ। মিনিট তিনেক পর বক্সের মাথা থেকে আবারও এচেভেরিয়ার শট এবং এবারও ত্রাতা সেই মার্তিনেজ।

শেষ পর্যন্ত ৮৮ মিনিটে বক্সের ভেতর জটলা থেকে পাওয়া বল জালে পাঠান মার্তিনেজ। মেসির নেওয়া কর্নারে জটলার ভেতর থেকে বল পেয়ে যান বাঁ দিকে একটু ফাঁকায় দাঁড়ানো লাউতারো মার্তিনেজ। ডান পায়ের শটে বলটি জালে পাঠিয়ে দেন তিনি। ম্যাচে এটি ছিল আর্জেন্টিনার ২১তম শট।

ভিএআরের মাধ্যমে তিন মিনিট ধরে গোলটির বৈধতা পরীক্ষা করেছিলেন। আর্জেন্টিনার হয়ে নিজের সর্বশেষ পাঁচ ম্যাচেই গোল পেলেন মার্তিনেজ। তার আগে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ভুগেছেন গোলখরায়।

যোগ করা সময়ে ব‍্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন মার্তিনেজ। শট নিতে পারতেন আনহেল ডি মারিয়াও। নিজে শট না নিয়ে অভিজ্ঞ এই ফরোয়ার্ড খুঁজে নেন মার্তিনেজকে। কিন্তু তাড়াহুড়ায় ঠিক মতো শট নিতে পারেননি, আরেকটি দারুণ সেভ করেন ক্লদিও ব্রাভো। তাতে ব্যবধান দ্বিগুণ না হলেও আর্জেন্টিনা মেতে ওঠে শেষ আটে ওঠার উৎসবে।

টানা ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে স্কালোনির দল। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কানাডা। ১ পয়েন্ট করে নিয়ে পরের দুটি স্থানে চিলি ও পেরু।