ম্যাচের নির্ধারিত সময়ের বাকি মাত্র মিনিটখানেকের খেলা। জাদুকর লিওনেল মেসি কস বাড়ান চিলির বক্সে। লিসানদ্রো মার্তিনেজ, জিওভানি লো সেলসোরা চেষ্টা করেন বলটি সুরক্ষিত রাখতে। বাদ সাধেন চিলির অতন্দ্র প্রহরী ক্লদিও ব্রাভো। ব্রাভোর থেকে বল চিলির এক খেলোয়াড়েরর গায়ে লেগে গিয়ে পৌঁছে লাউতারো মার্তিনেজের কাছে।
লাউতারো আর ছাড় দেননি। অনেকদিন বাদে আর্জেন্টিনার হয়ে গোল করার অভ্যাসটা চালু রাখেন। পুরো ম্যাচের অপেক্ষা অবসান ঘটিয়ে এনে দেন কাঙিখত গোল। সেই গোলেই কোপার কোয়ার্টার নিশ্চিত হয় আলবিসেলিস্তেদের।
ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে লাউতারো বলেন, ‘আমি ওখানেই অবস্থান করছিলাম এবং শেষ পর্যন্ত বলটিকে গোলে রূপ দিতে সক্ষম হয়েছি। এই ম্যাচগুলো সবসময় এমনই হবে। আমাদেরও একই ভাবে এগিয়ে যেতে হবে। কেননা সবগুলো ম্যাচই জটিল হতে থাকবে।’
লাউতারো যোগ করেন, ‘ওরা গোলের সব সুযোগ বন্ধ করে রেখেছিল। কখনো ডিফেন্সের লাইনে ৫ জন দাঁড়িয়েছে। মুহূর্তগুলো জটিল হয়ে উঠেছিল। আমি খুশি যে দিনশেষে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছি।’
আকাশি-সাদা জার্সিতে টানা দুই ম্যাচে গোল পাওয়ার পর নিজের বুনো উল্লাসের কারণও পরিষ্কার করেছেন লাউতারো, ‘আমার পরিবার এখানে ছিল, আমি তাদের জন্যই খেলি। আমার সন্তানদের জন্য, আমার স্ত্রী, মা, বাবা, ভাই। তারাই বেশি কষ্ট স্বীকার করে। আমি খুবই খুশি।’
