আর্শদীপের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুললেন ইনজামাম-উল-হক

পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছেন ভারতের তরুণ পেসার আর্শদীপ সিংয়ের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটের গুরুত্বপূর্ণ খেলায় ৩৭ রানে ৩ উইকেটের ম্যাচ জেতানো বোলিং নৈপুণ্য দেখান আর্শদীপ।

পাকিস্তানের একটি সংবাদ চ্যানেলের টক শোতে ইনজামাম বলেন, ‘১৫তম (১৬তম) ওভারে বল করতে এসে আর্শদীপ তুলনামূলক নতুন বল দিয়েই রিভার্স সুইং করেন। এর মানে ১২-১৩ ওভারের দিকেই বলটি রিভার্স সুইংয়ের জন্য তৈরি ছিল। এসব বিষয়ে আম্পায়ারদের আরও সতর্ক থাকা উচিত।’

একই টক শোতে সাবেক পাকিস্তানি ক্রিকেটার সেলিম মালিক আইসিসির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ‘কোনো নির্দিষ্ট দলের বেলায় আইসিসি তার চোখ বন্ধ করে রাখে, ভারত তার মধ্যে অন্যতম।’

ইনজামাম যোগ করেন, ‘এ ঘটনা যদি পাকিস্তানের কোনো বোলারের সঙ্গে ঘটতো তাহলে সঙ্গে সঙ্গে শোরগোল শুরু হয়ে যেতো।’ অবশ্য এমন অভিযোগের মাঝেই আগামীকাল রাত সাড়ে ৮টায় ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনাল খেলতে নামবেন আর্শদীপ ও ভারত।