আর কয়েক মাস পরেই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। গতবারের মত এবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিতে পুনরায় ক্ষমতায় এলে মার্কিন অর্থনীতির অনেক ক্ষতি করবে এবং দেশটিতে উচ্চ মূল্যস্ফীতি দেখা দেবে বলে আশঙ্কা জানিয়েছেন ১৬ জন নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ।
গতকাল মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে তাঁরা এ আশঙ্কা প্রকাশ করেছেন। খবর আল জাজিরা।
প্রতিবেদনে হয়, ট্রাম্পের বিরুদ্ধে এ ধরনের সতর্কবার্তা দিয়ে একটি চিঠিতে সই করেছেন এই ১৬ জন নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ।
মঙ্গলবার প্রকাশিত চিঠিতে নোবেলজয়ী অর্থনীতিবিদরা বলেছেন যে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ক্ষমতায় আসলে তার আর্থিকভাবে দায়িত্বজ্ঞানহীন বাজেট দিয়ে দেশটির অর্থনীতিতে অস্থিতিশীলতা সৃষ্টি করবে এবং যুক্তরাষ্ট্রে উচ্চ মূল্যস্ফীতি পুনরুজ্জীবিত করবে।
চিঠিতে স্বাক্ষরকারী অর্থনীতিবিদদের মধ্যে খ্যাতিমান অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিৎজ ও স্যার অ্যাঙ্গাস ডিটনও রয়েছেন। স্টিগলিৎজ ২০০১ সালে এবং ডিটনও ২০১৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন।
চিঠিতে অর্থনীতিবিদরা বলেন, ডোনাল্ড ট্রাম্প এবং তার কর্ম ও নীতির অস্পষ্টতা বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থানকে হুমকির মুখে ফেলেছে।"
চিঠিতে কোভিড-১৯ মহামারীর পর থেকে শ্রমবাজারে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী পুনরুদ্ধারসহ অর্থনীতিতে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশংসা করা হয়।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে ট্যাক্স কমানো, অবৈধ অভিবাসন বন্ধ, আমদানি শুল্ক বৃদ্ধি এবং বাইডেনের বেশকিছু উদ্যোগকে বাতিলের প্রতিশ্রুতি দিয়েছেন। বিশেষজ্ঞদের ধারণা ট্রাম্পের এসব সিদ্ধান্ত আমেরিকায় অনেক পণ্যের দাম বাড়িয়ে দেবে।
চলতি বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে দুই প্রার্থীর মধ্যে প্রেসিডেন্সিয়াল বিতর্ক শুরু হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার বাইডেন ও ট্রাম্পের মধ্যে প্রথম প্রথম প্রেসিডেন্সিয়াল বিকর্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বিতর্কে যুক্তরাষ্ট্রের অর্থনীতি প্রাধান্য পাবে।