ভারতের ইতিহাসে প্রথমবার

  • ইতিহাসে প্রথমবারের মত ভোটাভুটির মাধ্যমে ভারতের স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা
  • স্বাধীনতার সময় থেকেই ভারতে সংসদের নিম্নকক্ষ লোকসভার স্পিকার সর্বসম্মতভাবে নির্বাচিত হত 
আপডেট : ২৬ জুন ২০২৪, ০৫:১১ পিএম

স্বাধীন ভারতের ইতিহাসে স্পিকার পদে আজ পর্যন্ত কোনো দিন ভোটাভুটি হয়নি। স্বাধীনতার সময় থেকেই ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার স্পিকার সর্বসম্মতভাবে নির্বাচিত হয়ে আসছেন।

তবে এবারের স্পিকার নির্বাচন নিয়ে ঝামেলা শুরু হয় মোদি সরকার ও বিরোধী পক্ষের। যার কারণে প্রথমবারের মত ভোটাভুটির মাধ্যমে ভারতে নির্বাচিত করা হল স্পিকার। ভোটে জয় পেলেন বিজেপি সদস্য ওম বিড়লা।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির মাধ্যমে জানা যায়, মঙ্গলবার স্পিকার পদে সরকারপক্ষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বিজেপি সদস্য ওম বিড়লা। সপ্তদশ লোকসভাতেও তিনিই ছিলেন স্পিকার। বিজেপি চেয়েছিল সেই ধারাবাহিকতা বজায় রাখতে।

কিন্তু মঙ্গলবার সংসদ পরিচালনা করার জন্য বিজেপি সংসদ-সদস্য ভর্তৃহরি মহতাবকে প্রোটেম অথবা অস্থায়ী স্পিকার নির্বাচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়েই শুরু হয় বিরোধ। নিয়ম ভেঙে ভর্তৃহরিকে নিয়োগ দেওয়ায় লোকসভার প্রথম অধিবেশনের শুরুর দিনেই মোদির বিরুদ্ধে বিতর্কের ঝড় তোলেন বিরোধীরা।

বিরোধীদের দাবি, নিয়ম ভেঙে সাতবারের সংসদ-সদস্য ভর্তৃহরিকে অস্থায়ী স্পিকার করা হয়েছিল। নিয়ম অনুযায়ী, সংসদের সবচেয়ে বর্ষীয়ান সংসদ-সদস্যকেই প্রোটেম স্পিকার করা হয়। সেদিক থেকে দেখতে গেলে এবারের লোকসভায় সবচেয়ে বর্ষীয়ান সংসদ-সদস্য কংগ্রেসের সুরেশ কোদিকুন্নিল। তিনি আটবারের সংসদ-সদস্য। তবে সুরেশকে বাদ দিয়ে ভর্তৃহরিকে প্রোটেম স্পিকার করা নিয়ে আপত্তি তুলেছিলেন বিরোধীরা।

যার কারণে বুধবার স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবারের মত ভোটাভুটির মাধ্যমে ভারতের স্পিকার নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়।

এনডিটিভি জানায়, এনডিএ প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রার্থী ছিলেন কে সুরেশ। আজ বুধবার স্থানীয় সময় ১১টা নাগাদ শুরু হয় ভোটাভুটি। ধ্বনি ভোটে সংখ্যাগরিষ্ঠতা পান বিড়লা।

আগামী পাঁচ বছরের জন্য স্পিকার নির্বাচিত হওয়ায় বিড়লাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।  

 এ সময় ওম বিড়লার প্রশংসা করে মোদি বলেন, ‘আপনার কাজ অনুপ্রেরণামূলক। কোটায় মানবসেবায় কাজ করেছেন আপনি। গ্রামে গ্রামে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়েছেন। গরিব মানুষদের কম্বল, ছাতা দিয়ে উপকৃত করেছেন। খেলাধুলায় অনুপ্রেরণা জোগান আপনি। আপনার নেতৃত্বে ১৭তম লোকসভায় ইতিহাস তৈরি হয়েছে।

১৯৬২ সালের ২৩ নভেম্বর কোটায় জন্মগ্রহণ করেন ওম বিড়লা। কলেজ জীবনকাল থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি। এরপর ১৯৯১ সালে বিজেপির যুব শাখা ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি হন তিনি।

২০১৪ সাল থেকে কোটা লোকসভা আসন ধরে রেখেছেন তিনি এবং ২০১৯ সালে লোকসভার স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছিলেন ওম বিড়লা।

  

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত