বান্দরবানের থানচি উপজেলার সিম্পলাম্পি পাড়া ও তাজিংডং পাহাড়ে যৌথবাহিনীর অভিযানে, কেএনএফের এক সদস্যর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার (২৬ জুন) এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী।
নিহতের পরিচয় নিশ্চিত হতে না পারলেও পুলিশের এই কর্মকর্তা বলেন, লাশ উদ্ধার করে থানচি থানায় নিয়ে আসা হয়েছে। পোস্ট মর্টেমের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতালে আনা হবে।
স্থানীয়রা জানান, সিম্পলাম্পি পাড়া এলাকার তাজিংডং পাহাড়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। এসময় বেশ কয়েক বার গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। গোলাগুলি থেমে গেলে তাজিংডং পাহাড়ের জঙ্গলে গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানচি থানা পুলিশ।