আরও এক বছর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব থাকছেন তোফাজ্জল হোসেন মিয়া

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। আজ বুধবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় তার চুক্তির বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী তোফাজ্জল হোসেন মিয়াকে তার পূর্বের চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী ৫ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব থাকাকালে ২০২২ সালের ৭ ডিসেম্বর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।