জনগণ থেকে বিচ্ছিন্ন হলে আমি মারা যাব: প্রধানমন্ত্রী

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৬:১৯ পিএম

জনগণ থেকে বিচ্ছিন্ন হলে আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনিতেই শেষ হয়ে যাব উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণই আমার প্রাণ শক্তি। এটুকু মনে রাখতে হবে। আমার আর কোনও শক্তি নেই। শক্তি একমাত্র জনগণ। সেই জনগণের শক্তি নিয়েই আমি চলি।

বুধবার (২৬ জুন) এসএসএফ’র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে আয়োজিত দরবারে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমি যাতে জনবিচ্ছিন্ন না হয়ে যাই, আমি জানি এটা কঠিন দায়িত্ব। তারপরও এই দিকেও নজর রাখতে হবে যে এই মানুষগুলোর জন্যইতো রাজনীতি করি। মানুষদের নিয়েই তো পথ চলা। আর যাদের নিয়েই দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনওমতে বিচ্ছিন্ন হয়ে না যাই।

তিনি বলেন, সবসময়ই এসএসএফ’র সদস্যদের আমি এটা বলি, মাঝে মধ্যে রাগও করি। কাজেই এই বিষয়গুলো একটু সংবেদনশীলতার সঙ্গে দেখা দরকার। কারণ আমি যখন সরকারে ছিলাম না এ দেশের মানুষ এবং দলীয় লোক, তারাই আমার পাশে ছিল।

তিনি এই সময় এক দরিদ্র রিকশাওয়ালার উপার্জনের সামান্য জমানো অর্থে তাদের দু’বোনের ঢাকায় যেহেতু কোনো বাড়ি নেই এবং ধানমন্ডির বাড়িটিও তারা দান করেছেন সে জন্য তার নামে একটি জমি কেনার এবং তার কাছে হস্তান্তর করতে চাওয়ার একটি ঘটনার উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকবার তাকে নিষেধ করা সত্ত্বেও সে শোনেনি।’

তিনি জানান, সেই রিকশাওয়ালার মৃত্যুর পর তার স্ত্রী সেই দলিলটা তার কাছে হস্তান্তর করতে চাইলে তিনি নিজে সেখানে গিয়ে তাদের বাড়ি তৈরি করে তার স্ত্রীর হাতে দলিল দিয়ে বলেন, ‘এটা মনে করবেন আমারই বাড়ি, এখন আপনারা থাকবেন।’ অন্যদিকে জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়ার জন্য দুটি বাড়ি, গাড়ি, ক্যাশ টাকা অনেক কিছু রেখে যান।

প্রধানমন্ত্রী বলেন, এই সাধারণ মানুষগুলোর জন্যই আমার রাজনীতি, এদের ভাগ্যের পরিবতন ও জীবনমান উন্নত করাই আমার লক্ষ্য। তাই এইসব মানুষগুলোর কাছ থেকে আমি বিচ্ছিন্ন হতে পারি না। কারণ এরাই আমার চলার সব শক্তি জোগায়। এটা সকলকে মনে রাখার জন্য আমি অনুরোধ করছি।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন। এসএসএফ’র মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত