লালমনিরহাটের কালীগঞ্জের লোহাকুচি সীমান্তে গতকাল বুধবার গভীর রাতে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি মারা গেছেন। গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল কাদের বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিজিবি ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার গভীর রাতে চার থেকে পাঁচজনের একদল বাংলাদেশি গরু পারাপারকারী জেলার কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তের ৯১৯ নম্বর সীমানা পিলার দিয়ে ভারতের ভেতরে প্রবেশ করে। এ সময় ভারতের কোচবিহার জেলার সিতাই থানার ৭৮বিএসএফের ওয়েস্ট চামটা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান নুরুল ইসলাম (৬০)।