আইডল ক্রিশ্চিয়ানো রোনালদোর জার্সি পেয়ে স্বপ্ন পূরণ নতুন ম্যারাডোনার

জর্জিয়া পর্তুগালকে হারিয়ে উঠেছে এবারের ইউরোর শেষ ষোলোতে। ম্যাচ শেষে সবাই যখন জয় উদযাপনে মাতোয়ারা ছোট দেশ জর্জিয়ার সবচেয়ে বড় তারকা কাভারাস্কেইয়া চুপচাপ হেঁটে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে।

জর্সি বদল করলেন সিআরসেভেনের সঙ্গে। ম্যাচ শেষে জার্সি বদল তো অনেকেই করেন। তবে কাভারাস্কেইয়ার কাছে এই মুহূর্তটা, রোনালদোর থেকে তারই জার্সি পাওয়াটা স্বপ্নের মতো।

নেপলসের মানুষ যাকে নতুন ম্যারাডোনা বলে, সেই কাভারাস্কেইয়া ছোট থেকেই ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত।

কাভারাস্কেইয়ার বয়স যখন মাত্র ১১, তখন রোনালদো জর্জিয়ায় গিয়েছিলেন ডায়নামো তিবলিসি নামের একটি ক্লাবের অ্যাকাডেমি উদ্বোধন করতে। সেদিন অনেক কিশোরের স্বপ্ন পূরণ করেন রোনালদো তাদের সঙ্গে সময় কাটিয়ে।

ঐ দিন সেই কিশোরদের মধ্যে কাভারাস্কেইয়াও ছিলেন। রোনালদোকে মানেন আইডল। রোনালদোর ট্রেডমার্ক ৭ নম্বার জার্সি পড়েই খেলেন জর্জিয়ার হয়ে।

রোনালদোর জার্সি এবং পর্তুগালের বিপক্ষে জয়ে পাওয়া ম্যাচসেরার পুরস্কার একসঙ্গে রেখে ছবি তুলে সেটি ইন্সটাগ্রামে দিয়ে কাভারাস্কেইয়া লিখেছেন, 'স্বপ্ন'। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।