নতুন ম্যারাডোনার জাদুতে রোনালদোর পর্তুগালকে হারিয়ে জর্জিয়ার ইতিহাস

আপডেট : ২৭ জুন ২০২৪, ০২:২০ পিএম

ইউরো খেলতে আসা দলগুলোর মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে থাকা (৭৪ নম্বর) দল হলো জর্জিয়া। এমনকি এবারই প্রথম বড় টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়েছে দেশটি। কিন্তু সেই জর্জিয়াই ইউরোর ইতিহাসে অন্যতম সেরা অঘটনের জন্ম দিয়ে পৌঁছে গেল শেষ ষোলোয়।

পর্তুগালের বিপক্ষে জর্জিয়ার ২-০ গোলের জয়ে কাভারাস্কেইয়ার পাশাপাশি কৃতিত্ব দিতে হবে আরেক ফরোয়ার্ড গিওর্গে মিকাওতাদজেও। প্রথম গোলে সহায়তার পাশাপাশি পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেছেন তিনি।

আগের ম্যাচের দলে ৮ পরিবর্তন এনেছিলেন পর্তুগাল কোচ। ম্যাচের শুরুতে (৯১ সেকেন্ড) মাঝমাঠে প্রতিপক্ষের ভুলে বল পেয়ে পাল্টা আক্রমণ করে জর্জিয়া। সতীর্থের পাস ধরে দারুণ গতিতে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে পেছনে ফেলে, বক্সে ঢুকে কোনাকুনি শটে চমৎকার গোলটি করেন ফরোয়ার্ড খাভিচা কাভারাস্কেইয়া।

কাভারাডোনা’ বা 'নতুন ম্যারাডোনা' নামে কাভারাস্কেইয়া পরিচিতি পেয়েছিলেন আগেই। কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা নাপোলিকে সবশেষ সিরি আ শিরোপা জেতানোর ৩৩ বছর পর ক্লাবটি আবার শিরোপা জেতে ২০২২-২৩ মৌসুমে। সেই সময় দারুণ পারফরম্যান্সের কারণে ভক্তরা কাভারাস্কেইয়াকে ‘নতুন ম্যারাডোনা’ ডাকা শুরু করেন।

১৬ মিনিটে ফ্রি কিকে প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নেন রোনালদো। সিআরসেভেনের শট পাঞ্চ করে ফেরান জর্জিয়ার গোলকিপার। ২৮ মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের আবেদন করে না পাওয়ায় ক্ষোভ ঝাড়েন রোনালদো, দেখেন হলুদ কার্ড।

জর্জিয়ার বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখেছেন রোনালদো।

৫৫ মিনিটে ডি-বক্সে ঢুকে আন্তোনিও সিলভার ফাউলের শিকার হন জর্জিয়ার লুকা লোকোশভিলি। ঘটনাটি রেফারির চোখ এড়িয়ে গেলেও, ভিএআরের নজর এড়ায়নি। পরে মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। দারুণ স্পট কিকে ব্যবধান বাড়ান জর্জেস মিকাউতাদজে।

৬৬ মিনিটে রোনালদোকে তুলে নেন কোচ, নামান গনসালো রামোসকে। এ সময় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় রোনালদোকে।

একই সময়ে শুরু ‘এফ’ গ্রুপের আরেক ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোতে উঠেছে তুরস্ক।

গ্রুপ পর্ব শেষে পর্তুগাল ও তুরস্কের পয়েন্ট সমান ৬ করে, তবে মুখোমুখি লড়াইয়ে সেরা পর্তুগিজরা। আর ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় জর্জিয়া, সেরা চার তৃতীয় দলের একটি হয়ে শেষ ষোলোয় উঠেছে।

কোয়ার্টার ফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ স্লোভেনিয়া। আর জর্জিয়া খেলবে তিনবারের ইউরো চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত