পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার স্ত্রী জীশান মীর্জার নামে থাকা ঢাকায় আটটি ফ্ল্যাট, উত্তরা আবাসিক এলাকায় তিন কাঠার একটি প্লট, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছয় কাঠা করে চারটি প্লট ও বান্দরবানে ২৫ একর জমির রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগের আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন বৃহস্পতিবার (২৭ জুন) এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ১২ জুন এসব সম্পত্তি ক্রোকের আদেশ দেন আদালত। তারও আগে গত ২৩ ও ২৬ মে দুই দফায় বেনজীর, তার স্ত্রী ও তিন মেয়ের নামে থাকা প্রায় ৬১২ বিঘা সম্পত্তি ও গুলশানের চারটি ফ্ল্যাট জব্দ ও বেশ কিছু ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ জুন আদালত থেকে এসব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক (রিসিভার) নিয়োগের আদেশ আসে।