বেঁকে বসেছে গায়ানার আবহাওয়া, বৃষ্টিতে বন্ধ সেমিফাইনাল

গায়ানার মন ভার সকাল থেকেই। পূর্বাভাস মারফত এ তথ্য জানাই ছিল। প্রভিডেন্স স্টেডিয়ামে তাই ঠিক করে রাখা সময়ের পৌনে দুই ঘন্টা পর শুরু হয় দ্বিতীয় সেমিফাইনাল। তবে ৮ ওভার যেতেই আবার নামে বৃষ্টি। অগত্যা বন্ধ রয়েছে খেলা।

টস জিতে বোলিং বেছে নেওয়া ইংল্যান্ড শুরুতেই ধাক্কা দেয় ভারতকে। তৃতীয় ওভারের চতুর্থ বলে রিস টপলি স্টাম্প উপড়ে দেন বিরাট কোহলির। ৯ বলে ১ ছ্ক্কায় ৯ রান করেই মলিনমুখে সাজঘরে ফিরতে হয় বিরাটকে।

পাওয়ার প্লের শেষ ওভারে স্যাম কারেনকে উড়িয়ে খেলতে গিয়ে মিডউইকেটে জনি বেয়ারস্টোর তালুবন্দি হন ঋষভ পান্ত। ফেরার আগে করেন ৪ রান। 

৮ ওভার শেষে ভারতের রান যখন ২ উইকেটে ৬৫, গায়ানার আকাশে শুরু হয় অঝোর বর্ষণ। ২৬ বলে ৩৭ রানে থাকা রোহিত শর্মা এবং ৭ বলে ১৩ রান করা সূর্যকুমার যাদবের ব্যাট দুটো তাই আপাতত বিশ্রামে।