দেশের অন্যতম বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শুরু হচ্ছে ‘প্লাস্টিক বিনিময় কর্মসূচি’, যার মাধ্যমে সহায়তা পাবেন প্রায় ৮২ হাজার মানুষ।
প্রকল্পের অংশ হিসেবে ৬৫টি ‘প্লাস্টিক এক্সচেঞ্জ ক্যাম্প’ স্থাপনে যৌথভাবে কাজ করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। এসব নির্দিষ্ট ক্যাম্পে মানুষ তাদের প্লাস্টিক বর্জ্য জমা দেওয়ার বিনিময়ে চাল, তেল ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবে। এর ফলে শুধু প্লাস্টিকের পুনর্ব্যবহারকে উৎসাহিত করা হবে না বরং যারা ব্যবহৃত প্লাস্টিক ফেরত দেবে তারা সরাসরি উপকৃতও হবে। পাশাপাশি, এই উদ্যোগের অংশ হিসেবে সংগৃহীত প্লাস্টিক পুনর্ব্যবহার করে রিসাইকেলড পলিথিন টেরেফথালেট (rPET) বোতল তৈরিতে ব্যবহার করা হবে। প্রোগ্রামটি দেশের চক্রায়ন অর্থনীতিকে বিকশিত করার জন্য ব্যাংকের প্রতিশ্রুতির একটি উদাহরণ।
প্রকল্পের অর্থায়ন করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। বিদ্যানন্দ ফাউন্ডেশন প্রকল্প বাস্তবায়নে সার্বিক দায়িত্বে থাকবে। সংগৃহীত প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে যে ফান্ড তৈরি হবে তা ক্যাম্প পরিচালনার জন্য ব্যবহার করা হবে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের এমডি ও ফাইন্যান্সিয়াল মার্কেটস-এর প্রধান মুহিত রহমান বলেন, ২০২০ সালে ৯ লাখ ৭৭ হাজার টন প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, যার মাত্র ৩১ শতাংশ পুনর্ব্যবহার করা হয়েছে। এর মানে প্রায় ৭০ শতাংশ প্লাস্টিক বর্জ্য পরিবেশের ও সমাজের মানুষের ক্ষতি করছে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের সঙ্গে পরিচালিত এ যৌথ উদ্যোগটি টেকসই পরিবেশ গঠন ও সামাজিক সহায়তার প্রতি আমাদের ব্যাংকের প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিজ্ঞপ্তি