গতকাল বাংলাদেশ শিশু একাডেমির শেখ রাসেল শিশু আর্ট গ্যালারিতে শুরু হয়েছে শিশুদের আঁকা ছবি নিয়ে সাত দিনব্যাপী দ্বিতীয় জাতীয় শিশু চিত্রকলা প্রদর্শনী-২০২৩। এ প্রদর্শনীর উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি)। প্রদর্শনীটি চলবে আগামী ৩ জুলাই পর্যন্ত।
সারা দেশ থেকে ৪ হাজার ৫৭৬ জন শিশুর আঁকা ছবি সংগ্রহ করে বাছাই করে সেরা ১০০টি ছবি নিয়ে এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে সারা দেশের সাতটি বিভাগে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনী থেকে বিক্রি হওয়া ছবির মূল্য বিজয়ী শিশুর হাতে তুলে দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন।
প্রদর্শনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক শিল্পী রফিকুন নবী, অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী। অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা, বাংলাদেশ শিশু একাডেমির কর্মকর্তারা, শিশু এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।