টি-টোয়েন্টি বিশ্বকাপে দীর্ঘ ১০ বছরের অপেক্ষা ফুরিয়েছে ভারতের। এবারের আসরে তারা আবার উঠেছে ফাইনালে। এ নিয়ে তৃতীয় শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে নামা দলটি স্বপ্ন দেখছে দ্বিতীয়বার এই সংস্করণের শিরোপা জেতার। বৃহস্পতিবার রাতে সেমিফাইনালে ইংল্যান্ডকে তারা হারিয়েছে ৬৮ রানে।
তবে ম্যাচটি শেষ হওয়ার পরই ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে এক মন্তব্য করেছিলেন। আর তাতেই ভারতীয় সমর্থকদের তোপের মুখে পড়তে হয় তাকে। ভনকে তাই তুলোধুনো করেছেন ভারতীয় সাবেক স্পিনার হরভজন সিং।
বিশ্বকাপ শুরুর আগেই ভারত কোন ভেন্যুতে সেমিফাইনাল খেলবে (উঠতে পারলে) তা আগে থেকেই নির্ধারিত ছিল। গায়ানায় সেমিফাইনাল খেলার কথা ভারত জানতো শুরু থেকেই। ভারতের কাছে ইংল্যান্ড হারের সামাজিকমাধ্যম এক্সে ভন বলেছেন, ‘গায়ানার পিচ থেকে ভারত সাহায্য পেয়েছে। স্পিননির্ভর কন্ডিশন হলে ভারত ফায়দা পায়। আর এই ধরনের পিচ ইংল্যান্ডের জন্য কঠিনই।’
মাইকেল ভন যে এক্স পোস্টে এই সমালোচনা করেছিলেন তা নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করে হরভজন সিং বলেন, ‘আপনি কি মনে করেন গায়ানা ভারতের জন্য একটি ভালো ভেন্যু ছিল? উভয় দলই একই ভেন্যুতে খেলেছে। ইংল্যান্ড টস জিতেছিল, এটি ওদের সুবিধা ছিল। নির্বোধের মতো কথা বলা বন্ধ করুন। ইংল্যান্ড সব বিভাগে ভারতের কাছে পরাজিত হয়েছে। সত্যিটা স্বীকার করুন এবং সামনের দিকে তাকান। এই সব ভুলভাল কথা নিজের কাছেই রাখুন। যুক্তি দিয়ে কথা বলুন, বোকার মতো নয়।’