পটুয়াখালীর বাউফলে অজ্ঞাত এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে কালাইয়া নৌ-পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের তেঁতুলিয়া নদীর খানকা পয়েন্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, পানিতে ভাসতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। সম্ভবত পাঁচ থেকে ছয়দিন আগে মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুপুর সাড়ে তিনটার দিকে মরদেহ উদ্ধার করে। নিহত ওই নারীর বয়স আনুমানিক ৩৫ বছর হবে। লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামূলহক আলকাস বলেন, মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অজ্ঞাত নারীর পরিচয় পাওয়ার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।