নেত্রকোণার মদনে ঘরের উপরে ঝুলে থাকা বাঁশ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যতন মিয়া (৪২) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ জুন) বিকেলে শিবাশ্রম গ্রামে নিজ ঘরের চালের উপরে উঠে বাঁশ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত যতন মিয়া উপজেলার কাইটাইল ইউনিয়নের শিবাশ্রম গ্রামের মৃত আবুচান মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বৃষ্টি হচ্ছিল। বাড়ির পেছনে থাকা বাঁশ ঝাড়ের কিছু বাঁশ ঘরের চালে পড়ে ছিল। এ সব বাঁশ বাতাসে নড়াচড়া করে ঘরের চালে বিরক্তিকর শব্দ করছিল। তখন তিনি ঘরের চালে উঠে বাঁশের আগাগুলো কাটছিলেন। বাঁশ কাটার একপর্যায়ে ঘরের চালের উপর থেকে পরে যান তিনি। যতনকে পড়ে যেতে দেখে তার মা চিৎকার চেঁচামেচি করতে থাকলে প্রতিবেশী লোকজন এসে তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মদন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ফিরোজ আলম জানান, শিবাশ্রম গ্রামের যতন মিয়া নামের এক ব্যক্তি আমাদের না জানিয়েই ঘরের উপরে থাকা গাছের কিছু অংশ কাটতে যায়। ওই গাছের কাটা অংশের সাথে লেগে বিদ্যুতের তার ছিড়ে ঘরের চালে পড়ে ঘর বিদ্যুতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার জানান, শিবাশ্রম গ্রামের যতন মিয়া নামে এক ব্যক্তি গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।