বুদাপেস্টগামী ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৭

স্লোভাকিয়ায় ট্রেন ও বাসের সংঘর্ষে সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যায় একটি ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। জরুরি পরিষেবাগুলোর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

স্টেট রেলওয়ে কোম্পানি জেডএসএসকে জানিয়েছে, ১০০ জনের বেশি যাত্রী নিয়ে আন্তর্জাতিক ট্রেনটি প্রাগ থেকে বুদাপেস্টে যাচ্ছিল। পথে রাজধানী ব্রাতিস্লাভা থেকে ১১০ কিলোমিটার (৬৮ মাইল) পূর্বে নভে জামকির কাছে সংঘর্ষের ঘটনাটি ঘটে। তবে সংঘর্ষের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

স্লোভাক এবং চেক মিডিয়া জানিয়েছে, নিহতদের কেউই ট্রেনের যাত্রী ছিলেন না। তাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

যদিও বার্তা সংস্থা এপি বলছে, ট্রেনটিতে প্রায় ২০০ জন আরোহী ছিলেন। সংঘর্ষের পর ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

স্লোভাক মন্ত্রী জোজেফ রেস বলেন, দুর্ঘটনার আগের দিন ওই এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছিল। তিনি দুর্ঘটনাটি ‘মানবিক ত্রুটি’ হিসেবে দেখছেন। কারণ ট্রেনটি এমন একটি ট্র্যাকে চলছিল যেখানে এটি থাকার কথা ছিল না।