চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় জর্জিয়ার বিপক্ষে ম্যাচের আগে সুখবর পেলেন লামিন ইয়ামাল। স্কুল পরীক্ষায় পাস করেছেন স্পেনের ১৬ বছর বয়সী এই উইঙ্গার।
ইউরোতে দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যেতে হচ্ছে তাকে।
স্প্যানিশ রেডিও ওন্দা সেরোকে ইয়ামাল বলেন, 'আমি সবেমাত্র অনুশীলন সেশন থেকে বেরিয়ে এসেছি এবং আমাকে বলা হলো, সবকিছু ঠিকঠাক হয়েছে। আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এবং আমার এখন ইএসও যোগ্যতা আছে।'
ইএসও স্পেনে মাধ্যমিক শিক্ষার শেষ ধাপ, চতুর্থ বর্ষ। যুক্তরাজ্যে যা জিসিএসই (মাধ্যমিক সমমান) ও যুক্তরাষ্ট্রে হাই স্কুল ডিপ্লোমার সমতুল্য।
এবারের ইউরোয় স্পেনের প্রথম ম্যাচে মাঠে নেমে টুর্নামেন্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়ে যান ইয়ামাল।