কোপা আমেরিকায় ডি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় আজ সকালে ব্রাজিল খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্রতে কিছুটা চাপে আছে ব্রাজিল। সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছে দেশটির ফুটবল ফেডারেশনও।
তবে সেলেসাওদের কোচ দরিভাল জুনিয়র মনে করেন, এই সময়ে সবার সমর্থন দরকার। পালাবদলের এই পর্যায়ে ভক্তদের ধৈর্য ধরে খেলোয়াড়দের পাশে থাকার আহ্বান জানালেন তিনি। ৬২ বছর বয়সী ব্রাজিলিয়ান কোচ দরিভাল বলেন, ‘এটা স্বাভাবিক যে আমরা সবাই গত ম্যাচে একটু ভিন্ন ফল প্রত্যাশা করেছিলাম। তবে আমরা যেভাবে পারফর্ম করছি, এর প্রশংসা না করে পারা যাবে না। আমরা যা করছি এবং যা আমরা অর্জন করছি, তা নিয়ে আমি দৃঢ় প্রত্যয়ী। আমরা কেবলই কাজটা শুরু করেছি। তবে আমি মনে করি আমরা ভারসাম্য রেখে এগিয়ে যাচ্ছি।’ নয়বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল যে প্যারাগুয়ের বিপক্ষেও চাপে থাকবে, বুঝতে পারছেন দরিভাল। খেলোয়াড় ও সমর্থক সবাইকে ধৈর্য ধরতে বললেন তিনি, ‘প্রতিটা ম্যাচই নির্ণায়ক, সেটা প্রীতি ম্যাচই হোক না কেন। ব্যাপারটা সব সময় একই থাকবে। আমরা এখান থেকে বের হতে পারব না। আমাদের বুঝতে হবে, এটা পরিবর্তনের সময়।’