জার্মানির সামনে ‘অজেয়’ ডেনমার্ক

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আজ থেকে শুরু হচ্ছে শেষ ষোলো রাউন্ড। আজ আছে দুটি ম্যাচ। সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ইতালি। আরেক ম্যাচে স্বাগতিক জার্মানির বিপক্ষে খেলবে ডেনমার্ক।

কোনো ম্যাচ না জিতেও অনেকটা ভাগ্যের জোরে শেষ ষোলোয় নাম লিখিয়েছে ডেনমার্ক। ‘বি’ গ্রুপে তিন ম্যাচই ড্র করেছে তারা। নকআউট পর্বে তো ড্র হলেই শেষ হবে না। অতিরিক্ত সময়ের পর ম্যাচ গড়াতে পারে টাইব্রেকারেও। তাই সম্ভাব্য সব পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত রাখছে ডেনিশরা। ম্যাচের আগে ডেনমার্কের স্ট্রাইকার ইয়োনাস উইন জানিয়েছেন, কোন দিকে শট নেবেন, সেটিও ঠিক করে ফেলেছেন তিনি। উইন বলেন, ‘(টাইব্রেকারে) শট নেওয়ার জন্য আমি গোলরক্ষকদের পরিসংখ্যান নিয়ে চিন্তা করি না। পরিসংখ্যান পাওয়ার একটা উপায় থাকেই। তবে আমি সেগুলো ব্যবহার করি না। নিজের শটের ওপরেই আমি নির্ভর করি।’

ইতালি শেষ ষোলোতে উঠেছে বি গ্রুপে রানার্সআপ হয়ে। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ডও এ গ্রুপ থেকে রানার্সআপ হয়েছে। তবে স্পেন, হাঙ্গেরি, স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপে কোনো ম্যাচ হারেনি সুইসরা।