দিল্লির পর এবার গুজরাটে বিমানবন্দরের ছাউনি ধস

গতকাল শুক্রবার ভারী বৃষ্টিপাতের কারণে দিল্লি বিমানবন্দরের ছাদের একটি অংশ ধসে পড়ে। তার ঠিক একদিন পরেই অতি বৃষ্টিতে ভারতের গুজরাটের রাজকোট বিমানবন্দরের যাত্রী পিকআপ ও ড্রপ এলাকার ছাউনির একাংশ ধসে পড়েছে।

শনিবার (২৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, শনিবার প্রবল বৃষ্টিতে রাজকোট বিমানবন্দরের যাত্রীবাহী পিকআপ এবং ড্রপ এলাকার বাইরে ছাউনির ছাদ ধসে পড়েছে। তবে এতে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১-এর ছাদ ধসে এক ব্যক্তির মৃত্যুর ঠিক একদিন পরেই এই ঘটনা ঘটল।

গতকাল শুক্রবার দিল্লি বিমানবন্দরের ছাদের একটি অংশ ধসে পড়ে। ভারী বৃষ্টিপাতের কারণে ছাদটির ওপর পানি জমে যায়। পানির ভার বহন করতে না পেরে একটি সময় এটি ধসে পড়ে। ধসে পড়া ওই ছাদের নিচে চাপা পড়ে এক ট্যাক্সি চালকের মর্মান্তিক মৃত্যু হয়।

এদিকে শনিবার গুজরাটে ভারী বৃষ্টির পর ভারতের আবহাওয়া বিভাগ দক্ষিণ গুজরাটে 'হলুদ সতর্কতা' জারি করেছে।

অঞ্চলটির বিভিন্ন জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে যা ৩ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।