দেশের স্বাধীনতা নিয়ে আমরা চরম উদ্বিগ্ন: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ভারতের সঙ্গে চুক্তিগুলো বাংলাদেশের জন্য কল্যাণকর নয়। সরকারের দেশবিরোধী, ইসলামবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রসমাজকে জেগে উঠতে হবে।

দেশের শিক্ষাব্যবস্থার পাঠ পরিকল্পনা নিয়ে সমালোচনা করে পীর সাহেব বলেন, শিক্ষা কারিকুলামের মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সরকার। ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে যেকোনও ত্যাগ ও কোরবানির জন্য ছাত্র সমাজকে প্রস্তুত থাকতে হবে। জাতি ও মানবতার কল্যাণে মানবতার মহানবী সা. এর পরিগ্রহ সোনালি সামাজ ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে সকলকে ফিরে আসতে হবে।

আজ শনিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পূর্ব শাখার উদ্যোগে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত নবীন ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলনের আমীর বলেন, দেশ ও দেশের স্বাধীনতা নিয়ে আমরা চরম উদ্বিগ্ন। বর্তমান সরকার দেশের ন্যূনতম স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থ রক্ষায় মরিয়া হয়ে উঠছে। দেশপ্রেমিক কোনো সরকার এভাবে দেশের স্বার্থ বাদ দিয়ে একতরফাভাবে ভারতের স্বার্থ রক্ষা করতে পারে না।

তিনি বলেন, দেশপ্রেমিক ঈমানদার জনতাকে সজাগ ও সতর্ক থাকতে হবে। যেকোনো সময়, যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবেলায় নিজেদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

শাখা সভাপতি মুহাম্মাদ আরিফুল ইসলামের সভাপতিত্বে নবীন ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. মাওলানা বেলাল নূর আজিজী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মিশকাতুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মাদ জান্নাতুল ইসলাম, শরিফুল আলম চৌধুরীসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার সহযোগী সংগঠনের থানা ও ইউনিয়ন এবং সাবেক দায়িত্বশীলবৃন্দ বক্তব্য রাখেন।