এইচএসসির ফরম পূরণ করেননি হেনা, পরীক্ষার আগের রাতে মিলল ঝুলন্ত লাশ

রাজধানীর রামপুরায় একটি বাসা থেকে নুরজাহান হেনা (২১) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আগামীকাল রবিবার তার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা থাকলেও তিনি ফরম পূরণ করেননি।

আজ শনিবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব রামপুরা হাইস্কুল গলির বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিজ উদ্দিন জানান, রামপুরার ওই বাসায় স্বামী জাহাঙ্গীর আলম শাওনের সাথে থাকতেন তিনি। স্বামী শাওন একটি ফার্মেসিতে চাকরি করেন। প্রতিদিনের মতো শনিবার বিকেলে বাসায় খেতে আসেন শাওন। বাসায় এসে দেখেন, স্ত্রী হেনা সিলিং ফ্যানে গলায় ফাঁস দিয়ে ঝুলছিলেন। পরে থানায় খবর দেন তিনি। ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

মৃত হেনার স্বামী জাহাঙ্গীর আলম শাওন জানান, হেনাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায়। দেড় বছর আগে বিয়ে হয় তাদের। বিয়ের পর থেকে পূর্ব রামপুরা হাইস্কুল গলির ওই বাসার নিচতলায় ভাড়া থাকেন। হেনার বাবা হেবজু মিয়া রামপুরা এলাকাতেই থাকেন। মধ্য বাড্ডার একটি কলেজ থেকে এবার হেনার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। সেজন্য তার বাবার কাছ থেকে ফরম পূরণের কথা বলে টাকাও নিয়েছিল। তবে ফরমপূরণ করেনি।

স্বামীর ধারণা, রবিবার হতে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না বলে হেনা আত্মহত্যা করেছে।