ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন ইতালিকে শেষ ষোলো থেকে বিদায় করেছে সুইজারল্যান্ড। তবে জার্মানি ঠিকই পেরিয়েছে শেষ ষোলোর বাধা। আক্রমণ, প্রতি আক্রমণ, গোল বাতিল, বৃষ্টি ও বজ্রপাত মিলিয়ে শেষ পর্যন্ত জিতল জার্মানি। ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে জার্মানি ২-০ গোলে ডেনমার্ককে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে।
জার্মানির হয়ে গোল দুটি করেন কাই হাভার্টজ ও জামাল মুসিয়ালা। ৫৫ শতাংশের বেশি বল পজিশন রেখে গোলের জন্য ১৫টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখে জার্মানি। ডেনিশদের ১১ শটের দুইটি ছিল লক্ষ্যে।
ম্যাচের যখন ৩৬ মিনিটের খেলা চলে, তখন প্রবল বৃষ্টি আর বজ্রপাতে খেলা থামিয়ে দিতে বাধ্য হন রেফারি। আধা ঘণ্টা বিরতির পর, প্রকৃতি শান্ত হলে ফের মাঠে গড়ায় ফুটবল।
তবে প্রথমার্ধ গোলশূন্য ছিল। ৪৮ মিনিটে হতাশ হতে হয় ডেনমার্ককে। ক্রিস্টিয়ান এরিকসেনের ফ্রি কিক থেকে জার্মান রক্ষণে জটলার মধ্যে বল পান ডিফেন্ডার জোয়াকিম অ্যান্ডারসেন। বাঁ পায়ের শটে বল জালে পাঠালেও ভিএআর এর মাধ্যমে দেখা গেছে ডেনিশ মিডফিল্ডার টমাস ডেলানি অফসাইড ছিলেন। গোলটি বাতিল হয়।
তিন মিনিট পর সেই অ্যান্ডারসেনই হন খলনায়ক! বক্সের মধ্যে হ্যান্ডবল করলে জার্মানি পেনাল্টি পায়। পেনাল্টি থেকে ৫৩ মিনিটে গোল করে জার্মানিকে এগিয়ে দেন হাভার্টজ। ৬৮ মিনিটে ব্যবধান বাড়ান মুসিয়ালা। চলতি ইউরোয় এটি তাঁর তৃতীয় গোল।
বদলি নামা ফ্লোরিয়ান উইর্টজ যোগকরা সময়ে বল জালে পাঠালেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়।
শেষ ষোলোয় আজ স্পেন-জর্জিয়া ম্যাচে জয়ী দলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলবে জার্মানি।