স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়ে সিলেটে বেড়াতে এসেছিলেন নরসিংদী সদর উপজেলার দেলোয়ার হোসেন। আজ রবিবার সকালে তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্রে বেড়াতে যান। বিকালে সাদাপাথর থেকে সিএনজি অটোরিকশাযোগে সিলেটে ফেরার পথে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের খাগাইল নামক স্থানে মর্মান্তিক দুর্ঘটনায় দেলোয়ার হোসেনের স্ত্রী স্মৃতি আক্তার (২৫) ও ছেলে মো. আবদুল্লাহ (৭) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন দেলোয়ার হোসেন ও সিএনজি অটোরিকশার চালক। সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্র জানায়, দেলোয়ার হোসেন স্ত্রী-সন্তান নিয়ে রবিবার সকালে সিলেট নগরী থেকে সাদাপাথর বেড়াতে যান। বিকালে ভেলাগঞ্জ থেকে সিলেট ফেরার পথে খাগাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাক ও অটোরিকশার সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই স্মৃতি ও আব্দুল্লাহ মারা যান। আহত হন দেলোয়ার ও অটোরিকশা চালক।
কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর জানান, নিহত মা ও সন্তানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত দুইজন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।