বস্তায় আদা চাষ

জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের বড় মাঝিপাড়া গ্রামের কৃষক রুস্তম আলী বস্তায় আদা চাষ করে সফল হয়েছেন। ফসল হিসেবে পেঁপের জমিতে এবার এক হাজার বস্তায় আদা চাষ করেছেন। এক হাজার বস্তা চাষ করতে খরচ হয়েছে ৪৪ হাজার টাকা। যদি বস্তাপ্রতি এক কেজি আদা পাওয়া যায় তাহলে এক হাজার কেজি আদা পাওয়া যাবে। প্রতি কেজি আদা ২০০ টাকা করে বিক্রি করলে ২ লাখ টাকা বিক্রি করতে পারবেন। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন জানান, বস্তায় আদা চাষের জন্য আলাদা করে জমির দরকার নেই। বাড়িতে এ পদ্ধতিতে চাষ করতে পারবেন। অতিবৃষ্টি বা বন্যায় নষ্ট হওয়ার আশঙ্কা নেই। খরচও তুলনামূলক কম। এ পদ্ধতিতে একদিকে যেমন মাটিবাহিত রোগের আক্রমণ থেকে দূরে রাখা যায়। অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় হলে বস্তা অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায়। বাড়ির উঠান, প্রাচীরের কোলঘেঁষে বা বাড়ির আশপাশের ফাঁকা জায়গা বা ছাদে রাখা যায়। রোদের সেভাবে দরকার হয় না। ছায়াযুক্ত জায়গাতেও এ পদ্ধতিতে আদা চাষ করা যায়। সাধারণত বাঁশ বাগানের তলায় কোনো ফসল চাষ হয় না। ফলে জায়গাটা পড়েই থাকে। সেই বাঁশ বাগানে বস্তায় আদা চাষ করা যায় খুব সহজেই। বস্তার মাটি ঝুরঝুরা হবে। যাতে ফেঁপে থাকে এর জন্য ভার্মিকম্পোস্ট ও ছাই মেশাতে হবে। পরিমাণ মতো দিতে হবে গোবর সার। মাটি তৈরি হয়ে গেলে বস্তায় ভরে চাষের জন্য বসাতে হবে ৭৫ গ্রামের একটি করে আদার কন্দ। সামান্য পানি দিতে হবে। এরপর বস্তার ওপর ঢেকে দিয়ে রাখতে হবে। এতে মাটিতে আর্দ্রতা বেশিদিন থাকে। অল্প দিনের মধ্যেই কন্দ থেকে গাছ বেরিয়ে আসা শুরু করে। আদা চাষ করতে খরচও কম লাভ বেশি।