ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

বগুড়ার গাবতলীতে সান্তাহার থেকে বোনারপাড়াগামী কলেজ ট্রেন (৪৯১আপ) লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আজ রবিবার রাত পৌনে ৯টার দিকে গাবতলী স্টেশনে প্রবেশের আগে ট্রেনটির পেছন থেকে তিনটি বগি লাইনচ্যুত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাজেদুর রহমান।

তিনি বলেন, রাজধানী ঢাকার সঙ্গে বগুড়া, গাইবান্ধা, রংপুর, পঞ্চগড় ও লালমনিরহাটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। লালমনিরহাট থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করবে।

এদিকে লালমনিরহাট থেকে সান্তাহারগামী পদ্মরাগ ট্রেনটি সুখানপুকুর স্টেশন থেকে ছেড়ে এসে গাবতলী স্টেশন থেকে ১ কিলোমিটার পূর্বে পথে থেমে যায়।

এর আগে গত ২৫ জুন সকালে মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে জেলার সুখানপুকুর স্টেশনে লাইনচ্যুত এবং ৮টা ২৩ মিনিটে গাবতলী ও সুখানপুকুর স্টেশনের মাঝামাঝি স্থানে ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটে।