ফ্রান্স-বেলজিয়াম লড়াই আজ

কোনো রকমে গ্রুপ পর্বের বৈতরণী পেরিয়ে এসেছিল ফ্রান্স ও বেলজিয়াম। গ্রুপ রানার্স-আপ হয়েছে ফ্রান্স। আর বেলজিয়াম তৃতীয় হয়েও ভাগ্যগুণে জায়গা করে নেয় ইউরোর নকআউট পর্বে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি দুই দল। শেষ আটে জায়গা করে নেওয়ার সঙ্গে তাদের সামনে চ্যালেঞ্জটা স্বরূপে ফেরারও।

দল দুটির দ্বৈরথ বেশ পুরনো। ১২০ বছর আগে ব্রাসেলসে প্রথম আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখিতে ৩-৩ ড্র করেছিল ফ্রান্স-বেলজিয়াম। ৭৫ ম্যাচের পরিসংখ্যানে এগিয়ে বেলজিয়াম, ৩০টি জয় নিয়ে। ২৬ জয় পাওয়া ফ্রান্স অবশ্য শেষ দুই দেখায় জয়ী। প্রথমটি ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে এবং পরেরটি ২০২১ সালে নেশন্স লিগের সেমিফাইনালে।

দুই দলের ৭৬তম দ্বৈরথ তাই সামনে পরিসংখ্যানের অনেক পাতায় আঁচড় কাটার পাশাপাশি ইউরোর সামনের পথচলার আত্মবিশ্বাস সঞ্চয় করে নেওয়ার উপলক্ষ। ম্যাচটা জিতে নিতে চান কেভিন ডি ব্রুইন। এজন্য মাঠে দিতে চান নিজেদের ১১০ শতাংশ। ‘তাদের বিপক্ষে আমরা আন্ডারডগ। আমরা ফেভারিট নই, কিন্তু ইউরো জিততে হলে সবাইকে হারাতে হবে। এটা পরিষ্কার যে, আমরা এই লড়াইয়ের কঠিন দিকে রয়েছি। আমরা পরের ধাপে পৌঁছেছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা পরিষ্কার যে আমরা ম্যাচটি জিততে চাই। এ জন্য ১১০ শতাংশ দিতে হবে।’ অন্যদিকে, ফরাসি কোচ দিদিয়ের দেশম বলেছেন, ‘আমরা আমাদের কাক্সিক্ষত লক্ষ্য শেষ ষোলোয় পৌঁছে গেছি। তবে আমাদের পারফরম্যান্স নিখুঁত ছিল না। তবে দলের খেলোয়াড়দের ওপর আমার বিশ্বাস আছে। তারা মাঠে যে প্রতিভা দেখিয়েছে, সেটা যথেষ্ট নয়। ৯৯ শতাংশ নয়, আমি ১০০ শতাংশ চাই তাদের কাছ থেকে।’