বেলিংহ্যাম ম্যাজিকে খাদের কিনারা থেকে বাঁচলো ইংল্যান্ড

আরও একবার শেষের নাটকে নায়ক হলেন ইংলিশ ওয়ান্ডারবয় জুড বেলিংহ্যাম। ইভান শ্রাঞ্জের একমাত্র গোলে স্লোভাকিয়া স্বপ্ন দেখছিল ইংলিশ বধের। নব্বই মিনিট পেরিয়ে লিড ধরেও রেখেছিল তারা। কিন্তু পুরো মৌসুমে রিয়াল মাদ্রিদে অন্তিম সময়ে ত্রাতা হয়েছিলেন যে বেলিংহ্যাম, ইউরোর শেষ ১৬ থেকে ইংল্যান্ডের পতন আটকালেন তিনি। 

ইনজুরি টাইমের শেষ মিনিটে কাইল ওয়াকারের লম্বা থ্রো পেয়ে যান বেলিংহ্যাম বক্সের ভেতর জটলায়। দুর্দান্ত এক বাইসাইকেল কিকে ভাঙেন স্লোভাকিয়ার রক্ষণ।

১-১ গোলের সমতায় ম্যাচ গেল অতিরিক্ত সময়ে। ৩০ মিনিট অতিরিক্ত সময়ের শুরুতেই পোস্টের খুব কাছ থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক হ্যারি কেইন।

সেখান থেকে মোমেন্টাম হারিয়ে ফেলা স্লোভাকিয়া আর ফিরতে পারেনি ম্যাচে। অভিজ্ঞতা আর কিছুটা প্রতিপক্ষের বাজে খেলার সুযোগ নিয়ে ইংলিশরা তুলে নেয় ২-১ গোলের জয়। এই জয়ের ফলে তারা চলে গেল কোয়ার্টার ফাইনালে, যেখানে প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে ইতালিকে বিদায় করে দেয়া সুইজারল্যান্ড৷