নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাজী বেলায়েত হোসেন কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বহিরাগতদের সাথে অশ্লীলতার ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সাথে একজন সহকারী অধ্যপককেও কারণ দর্শানোর নোটিস দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
সোমবার দুপুরে কলেজের গভর্নিং বডির সভাপতি কাওসার হোসেন পলাশ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় অধিকতর ব্যবস্থা নিতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সদস্যরা হলেন কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য মফিজুল ইসলাম, ওমর আলী ও কলেজর শিক্ষক আহাম্মদ আলী।
স্থানীয় সূত্র ও কলেজ কর্তৃপক্ষ জানায়, গত ২৯ জুন কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে বহিরাগতদের নিয়ে কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি ফয়সাল আহম্মেদ ও সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম উচ্চস্বরে ডিজে গানের সাথে নাচ-গান করে উল্লাস প্রকাশ করে। এতে বিদায় অনুষ্ঠানের আবহ মলিন হয়। এ কাজে কলেজের হিসাব বিজ্ঞানের সহকারী অধ্যাপক আলী ইমদাদ খান সহযোগিতা করার অভিযোগ উঠে।
নাচ-গানের দৃশ্যের একটি ভিডিও শনিবার ফেসবুকে আপলোড দিলে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটি। বেশ কয়েকটি গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে ভিডিও দেখে কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি ফয়সাল আহম্মেদ ও সাধারণ সম্পাদক দ্বীন ইসলামকে সাময়িক বহিষ্কারসহ কলেজের হিসাব বিজ্ঞানের সহকারী অধ্যাপককে শোকজ করা হয়।