ভূঞাপুর

বকেয়া বিল চাওয়ায় পল্লী বিদ্যুৎকর্মীকে আটকে রেখে মারধর

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৪:৪২ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে পল্লী বিদ্যুতের বকেয়া বিল আদায় করতে গিয়ে আহত হয়েছেন সাব-জোনাল অফিসের কর্মী শাহীন আলম। গুরুতর আহতাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (০১ জুলাই) সকালে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর টাঙ্গাইলের ৬নং এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক সন্তোষ কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার বিকালে উপজেলার কুঠিবয়ড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহীন আলম ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ ভূঞাপুর সাব জোনাল অফিসের লাইনম্যান (লেভেল-১)।

পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) মনমোহন চন্দ্র সরকার এ ঘটনায় বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে এবং  অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

শাহীনের সহকর্মী কায়সার জানান, কুঠিবয়ড়া বাজারে সেলিম মিয়ার দোকানে ৬ মাসের বিদ্যুৎ বিল বকেয়া ছিল। সেখানে গিয়ে প্রথমে তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে বলা হয়। কিন্তু তারা কিছুতেই দিতে চায়নি। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যাওয়ায় সেলিম ও তার ছেলে হৃদয় আমাদের ওপর হামলা করে।  এতে আমার সহকর্মী শাহীন আলম গুরতর আহত হয়। এছাড়াও মারধরের পর বাজারেই আটকে রাখা হয় তাকে। পরে পুলিশের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ভূঞাপুর সাব-জোনাল অফিসের সহকারী কৌশলী মাহবুবুর রহমান খান জানান, সেলিম মিয়ার দোকানে ৫ হাজার ৩০০ টাকার মতো বিল বকেয়া ছিল। গতকাল বকেয়া আদায় করতে গেলে কর্মীদের ওপর হামলা হয়। এরপর থানায় খবর দিলে ভূঞাপুর থানার একটি টিম গিয়ে তাদের উদ্ধার করে।

ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, পল্লী বিদ্যুতের লোকজন বকেয়া আদায় করতে গিয়েছিল। বকেয়া পরিশোধ না করায় তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তর্কাতর্কির একপর্যায়ে লাইনম্যানদের ওপর হামলা চালায়। পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ্ বলেন, পল্লী বিদ্যুতের ২ কর্মীকে মারধরের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত