সাভারের ভাকুর্তা এলাকায় অবস্থিত সাদিক অ্যাগ্রোর খামারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার (১ জুলাই) বিকালে ওই খামারে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ব্রাহমা জাতের গরুর বাছুরগুলো জব্দ করে দুদক।
দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিনটি ব্রাহমা জাতের গাভী, ৭ থেকে ১০ মাস বয়সী ৭টি ব্রাহমা জাতের গরুর বাছুর পাওয়া যায়। এছাড়াও পাওয়া যায় আলোচিত সেই ১৫ লাখ টাকার ছাগলটিও। এর আগে দুপুরে সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালায় দুদক।
অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘আমরা সাদিক অ্যাগ্রোর সাভারের খামারে অভিযান চালিয়ে তিনটি ব্রাহমা জাতের গাভী ও সাতটি ব্রাহমা জাতের বাছুর পেয়েছি।
সরেজমিনে সাদিক অ্যাগ্রোর পুরো খামারটি ঘুরে দেখা যায়, সেখানে ১০টি উট ও দুটি ঘোড়াসহ বিভিন্ন প্রজাতির দুই শাতধিক গরু রয়েছে। এছাড়াও খামারে রয়েছে কয়েক হাজার হাসঁ, মুরগি, কবুতরসহ বেশ কিছু পালন নিষিদ্ধ হাঁস।
সাদিক অ্যাগ্রোর খামারটির দায়িত্বে থাকা ম্যানেজার জাহিদ খান বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। এখানে মুলত দুধ উৎপাদন করে প্রতিদিন ঢাকায় সরবরাহ করা হয়। বর্তমানে খামারটি গাভী ও বাছুর মিলিয়ে দুই শতাধিক গরু, ১২টি উট ও দুটি ঘোড়াসহ বেশকিছু হাস-মুরগি রয়েছে। এগুলোর দেখাশুনার জন্য আমিসহ প্রায় ৩৫ জন কর্মী কাজ করছি। ’