সাভারে দুর্ঘটনায় পুড়ল মোটরসাইকেল ও বাস

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম

নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস চলন্ত মোটরসাইকেলের ওপর উঠে যাওয়ার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরপরই প্রথমে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যেই সেই আগুন পুরো বাসটিতে ছড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেল ও বাসটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

রোববার সন্ধ্যায় সাভারের রেডিও কলোনি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

এ সময় পাশে থাকা যাত্রীরা জানালার কাচ ভেঙে লাফিয়ে পড়েন এবং মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়কের রেডিও কলোনির ইউটার্নে দ্রুতগতিতে আসা যাত্রীবাহী বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি চলন্ত মোটরসাইকেলকে চাপা দেয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যায় এবং ঘর্ষণের ফলে তেলের ট্যাংক বিস্ফোরিত হয়ে মুহূর্তেই আগুন ধরে যায়।

আগুন লাগার সঙ্গে সঙ্গেই বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা তাড়াহুড়ো করে বাসের জানালা ও দরজা দিয়ে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয় এবং পুরো বাসটিকে গ্রাস করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে মোটরসাইকেল ও বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ওই সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে, ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পুড়ে যাওয়া যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, দুর্ঘটনায় কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও দ্রুতই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে সক্ষম হই।

সর্বশেষ সর্বাধিক পঠিত