বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। এর মধ্যে শেষের মাস জুনে এসেছে ২ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ২ দশমিক ১৯ বিলিয়ন ডলার।
২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে মোট প্রবাসী আয় এসেছে ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ৬৬ শতাংশ বেশি।
সদ্যবিদায়ী অর্থবছরের মে মাসে আসে ২২৫ কোটি ৩৮ লাখ ডলার প্রবাসী আয় আসে। সে হিসাবে মে মাসের তুলনায় জুনে ২৮ কোটি ৮২ লাখ ডলার বেশি এসেছে। আর গত বছরের একই মাসের তুলনায় বেশি এসেছে ৩৪ কোটি ৩০ লাখ ডলার। গত বছরের জুন মাসে এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে প্রবাসীরা বেশি অর্থ পাঠানোর ফলে জুনে প্রবাসী আয় বেড়েছে।