বিপৎসীমা ছাড়িয়েছে উব্দাখালীর পানি

নেত্রকোণায় টানা বৃষ্টিতে জেলার প্রধান নদী উব্দাখালীর পানি বেড়ে বিপৎসীমা ছাড়িয়ে গেছে। এ ছাড়া সোমেশ্বরী ও কংশের পানিও বেড়ে চলেছে। আজ সোমবার সন্ধ্যা ৬টায় উব্দাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে ৩৪ সেন্টিমিটার বেড়েছে। বর্তমানে নদীটির পানি বিপৎসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার বিষয়টি জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারোয়ার জাহান জানান, রবিবার সকাল ৯টায় উব্দাখালীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে বইছিল। কিন্তু রবিবার থেকে ভারি বৃষ্টি হওয়ায় ওই নদীর পানি দ্রুত বেড়ে চলেছে। এ ছাড়া সোমেশ্বরী ও কংশের পানিও বাড়ছে। সোমেশ্বরী নদীর পানি বেড়ে বিজয়পুর পয়েন্টে ৫ দশমিক ১৯ মিলিমিটার নিচ দিয়ে  ও একই নদীর দুর্গাপুর পয়েন্টে ১ দশমিক ৮০ মিলিমিটার নিচ দিয়ে বইছে। কংশের পানি বেড়ে জারিয়া পয়েন্টে ১ দশমিক ৬০ মিলিমিটার নিচ দিয়ে বইছে।

নেত্রকোনা জেলা প্রশাসক মো. শাহেদ পারভেজ জানান, ভারী বৃষ্টি ও উজানের পানির কারণে আবারো জলার প্রধান প্রধান নদ-নদী গুলোতে বৃদ্ধি পাচ্ছে। বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সব ধরনের প্রস্তুতি নিয়েছে। যেসব এলাকা বন্যাকবলিত হবে সেই অঞ্চলে লোকজনের জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং ত্রাণের ব্যবস্থাও রয়েছে।