টাঙ্গাইলের এলেঙ্গাস্থ বিরতি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট থেতে সাত নারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (৩০ জুন) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (১ জুলাই) সকালে এ ঘটনায় মানবপাচার আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। কালিহাতী থানার এসআই সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন—পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুর গ্রামের মো. মোজাম্মেল (৫৮), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ব্রাহ্মণশাসন গ্রামের আফজাল হোসেন (৩৫), বগুড়া সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের কনক ইসলাম (৩০)। এছাড়া আরও সাত নারীকে গ্রেপ্তার করা হয়।
এসআই সাজ্জাদ হোসেন জানান, রবিবার গভীর রাতে গোপনে অসামাজিক কার্যকলাপের সংবাদ পেয়ে এলেঙ্গাস্থ বিরতি রিসোর্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাজ্জাদ হোসেন অভিযান পরিচালনা করে নারীসহ ১০ জনকে গ্রেপ্তার করে। এ বিষয়ে এসআই কামরুল ইসলাম বাদী হয়ে ১৩ জনের নামে মানবপাচার আইনের ১২/১৩ ধারায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
