দাউদকান্দিতে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য

কুমিল্লার দাউদকান্দিতে রাশিদা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ২টার দিকে পৌরসভার নুরপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রাশিদা বেগম নুরপুর গ্রামের পশ্চিম পাড়ার মৃত আলী আশাদ মিয়ার স্ত্রী।

নিহতের ছোট ছেলে সাহাব উদ্দিন বলেন, আমি গৌরীপুর থেকে বাড়ি আসছিলাম। প্রতিবেশী কুহিনুর আক্তার ফোন করে বলেন তারাতারি বাড়িতে আয়, তোর মারেকে যেন কি খাইয়ে জিনিসপত্র নিয়ে গেছে। আমি বাড়িতে এসে দেখি ঘরের সব কিছু এলেমেলো। মা মেঝেতে পড়ে আছে, মায়ের কানের স্বর্ণের জিনিস নেই। আমাদের কোনও শত্রু নেই। স্বর্ণের জিনিসগুলো নেওয়ার জন্য কে বা কারা মাকে মেরে ফেলেছে।

সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. এনায়েত কবির সোয়েব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি দেশ রূপান্তরকে বলেন, ঘটনার রহস্য উৎঘাটনে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।