এবার থানায় মিলল রাসেলস ভাইপার

রাজশাহীতে থানায় দেখা মিলল রাসেলস ভাইপারের। গতকাল সোমবার (১ জুলাই) দিবাগত রাতে রাজশাহীর চারঘাট থানার বাথরুমে এই সাপের দেখা মিলে। পরে সাপটিকে মেরে ফেলে পুলিশ সদস্যরা।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার রাতে থানার ওয়াস রুমে একটি রাসেলস ভাইপারের দেখা মিলে। পরে থানার অফিসার-ফোর্সদের সহযোগিতায় সাপটি মেরে ফেলা হয়েছে। তবে এরপর থেকে আর কোন সাপের দেখা মেলেনি।

ওসি আরও বলেন, গত কয়েকদিন ধরে থানা চত্বরে কীটনাশক প্রয়োগ করে আগাছা পরিষ্কার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, থানা যেহেতু পদ্মা নদীর কাছাকাছি  তাই সেখান থেকেই সাপটি এসেছে। আমরা চারপাশ পরিষ্কার-পরিছন্ন রাখার জন্য সাবইকে নির্দেশ দিয়েছি।