কোনো ব্যক্তির অপকর্মের দায় পুলিশ বাহিনী নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আজ মঙ্গলবার (২ জুলাই) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব বলেন।
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ পুলিশ কখনও কোনো ব্যক্তির দায় বাহিনী হিসেবে নিবে না। যেভাবে তদন্ত প্রক্রিয়া চলছে সেভাবেই এটি নিষ্পত্তি করা হবে।
শুদ্ধি অভিযান প্রসঙ্গে তিনি বলেন, কোনো প্রতিষ্ঠান, সংস্থা বা বাহিনী প্রতিনিয়ত স্থবির থাকতে পারে না। প্রতিনিয়ত অপরাধের বহুমাত্রিকতার কারণে অপরাধীদের অপরাধের ধরণ পরিবর্তনের সাথে সাথে আমরা পুলিশ বাহিনীকেও আধুনিকায়ন করছি। অত্যাধুনিক সরঞ্জামাদি বাহিনীতে যুক্ত করা হচ্ছে। পুলিশ বাহিনী তার গৌরবের সাথে পেশাদারিত্ব বজায় রেখে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে। যে কোনো অপরাধে যখনই আমাদের কাছে খবর আসে সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। যে তথ্যই পাই কোনো বিষয়কে আমরা খাটো করে দেখি না।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ প্রধান। এরপর বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন তিনি। এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, রাজশাহী পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভুঁইয়া, আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহীর পুলিশ সুপার সাইফুর রহমান, জেলা প্রশাসক শামীম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
‘কন্ট্রাক্ট কিলারের’ সঙ্গে ব্যারিস্টার সুমনের যে কথা হলো
গতানুগতিকতার বাইরে বস্তুনিষ্ঠ আলাদা সংবাদপত্রই লক্ষ্য: মোস্তফা মামুন
আমার নাম নিতে নিতে উনি মানসিক রোগী হয়ে গেছেন: বুবলী