ফের বাবা হতে যাচ্ছেন আরবাজ! 

গেল ডিসেম্বরে রূপটানশিল্পী সুরা খানকে বিয়ে করেন আরবাজ খান। প্রায়ই ছবিশিকারিদের ক্যামেরায় একসঙ্গে ধরা পড়েন তারা। এবার শোনা যাচ্ছে, আরবাজ ও সুরার কোলে আসতে চলেছে নতুন অতিথি। 

সম্প্রতি মুম্বাইয়ের এক হাসপাতালের সামনে একসঙ্গে দেখা যায় আরবাজ ও সুরাকে। ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়েন দম্পতি। ছবিশিকারিদের রেকর্ড করা ভিডিওতে দেখা যায়, হাতে হাত রেখে হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন আরবাজ ও সুরা।

তাদেরকে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে দেখেই ছবিশিকারিরা প্রশ্ন ছুড়ে দেন, “কোনও সুখবর আছে নাকি?” এই প্রশ্নের কোনও প্রতিক্রিয়া দেননি তারা। দু’জনই হাসপাতাল থেকে বেরিয়ে দ্রুত গাড়িতে উঠে পড়েন।

২০২৩ এর ডিসেম্বরে বিয়ে করেছেন আরবাজ-সুরা। বিয়ের আগে বেশ কিছু দিন সম্পর্কে থাকলেও তা সকলের থেকে গোপন রেখেছিলেন দু’জন। প্রায় এক বছর নাকি সম্পর্কে ছিলেন দু’জন।

সুরার আগে অভিনেত্রী তথা মডেল জর্জিয়া অ্যান্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কে ছিলেন আরবাজ। মালাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পরে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তারা। ২০১৭-য় মালাইকার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় আরবাজের। ১৯ বছরের বৈবাহিক জীবন ছিল তাদের। মালাইকা ও আরবাজ়ের একটি ছেলেও আছে। তার নাম আরহান খান।