যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (৪ জুলাই)। প্রায় দেড় মাসের নির্বাচনী প্রচারণা শেষে দেশজুড়ে স্থানীয় সময় কাল সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গ্রিন পার্টি, রিফর্ম পার্টি, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টিসহ ছোট–বড় অন্তত ৯৮টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।
তবে সবশেষ জনমত জরিপে এগিয়ে রয়েছে লেবার পার্টি। ৪০ পয়েন্ট নিয়ে তারা প্রথম অবস্থানে রয়েছে। অন্যদিকে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে বর্তমান ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। হাউস অব কমন্সের ৬৫০টি আসনের বিপরীতে রাজনৈতিক দলগুলোর মনোনীত, স্বতন্ত্র প্রার্থীসহ এই নির্বাচনে রেকর্ডসংখ্যক ৪ হাজার ৫১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবারই প্রথম প্রায় ৩৫ লাখ অভিবাসী এই নির্বাচনে ভোট দেবেন। কিন্তু রাজা ও রাজপরিবারের সদস্যরা কি ভোট দেওয়ার অধিকার রাখেন? তারা কি ভোট দেন?
টাইমের এক প্রতিবেদনে বলা হয়, ভোট এলেই সামনে আসে রাজা ও রাজপরিবারের সদস্যদের ভোটদানের প্রশ্ন। এ বিষয়ে কিংস কলেজ লন্ডনের সাংবিধানিক আইনের অধ্যাপক রবার্ট ব্ল্যাকবার্ন বলেন, রাজা ও রাজপরিবারের বাকি সদস্যদের ভোট দেওয়ার সুযোগ রয়েছে আইনে। রাজা ও রাজপরিবারের সক্রিয় সদস্যরা আইনত অন্যান্য যোগ্য নাগরিকের মতো একইভাবে সাধারণ নির্বাচনে ভোট দিতে পারেন। তবে বাস্তবে তারা সেটা করেন না সঙ্গত কারণেই।
এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, তারা ভোট দিতে গেলে সংবাদমাধ্যমে জল্পনা-কল্পনার ডালপালা মেলতে পারে। তাতে আইনের লঙ্ঘনও ঘটতে পারে। ফলে সাংবিধানিক প্রয়োজনেই তারা কঠোরভাবে ‘রাজনৈতিক নিরপেক্ষতা’ বজায় রাখেন।