পরীক্ষা কেন্দ্র ডুবে গেছে, এইচএসসি পরীক্ষা স্থগিত

রাঙ্গামাটির বাঘাইছড়িতে উজান থেকে নেমে আসা পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় আগামীকাল বৃহস্পতিবারের (৪ জুলাই) এইচএসসি (ইংরেজি) বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

তিনি জানান, রাঙামাটিতে কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে বাঘাইছড়ির নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলার কাচালং সরকারি কলেজ বন্যার পানিতে তালিয়ে গেছে। পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষার্থীদের বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় বৃহস্পতিবারের ইংরেজি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিছুক্ষণ আগে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে আমাকে নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক আরও জানান, যদি শুক্রবার ও শনিবারের মধ্যে ঢলের পানি সরে যায় তাহলে যথারীতি রবিবার পরীক্ষা হবে। তবে বাঘাইছড়ি উপজেলা সিজক কেন্দ্রের পরীক্ষা যথারীতিভাবে চলবে।

গত শনিবার থেকে টানা বর্ষণে ফলে জেলার বাঘাইছড়ির ৮টি ইউনিয়ন, ১টি পৌরসভাসহ ৩২টি গ্রামের চার হাজার মানুষ পানিবন্দী। গত মঙ্গলবার প্রায় ৩ থেকে ৫ ফুট পানি মাড়িয়ে পরীক্ষা দেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার একইভাবে স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীরা নৌকায় পার হয়ে পরীক্ষা দিতে যায়।