২৫ বছর পর মেয়ের সঙ্গে এইচএসসি দিয়ে ফলাফলে এগিয়ে বাবা আব্দুল হান্নান

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৩:৫১ পিএম

নাটোরের লালপুরে একই সঙ্গে এইচএসসিতে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন এক বাবা ও তার মেয়ে। আশ্চর্যের বিষয় হলো প্রায় ২৫ বছর পর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফলাফলে মেয়েকে পেছনে ফেলে এগিয়ে আছেন বাবা আব্দুল হান্নান। তাদের মধ্যে বাবা জিপিএ ৪.৩৩ ও মেয়ে হালিমা খাতুন জিপিএ ৩.৭১ পেয়েছেন।

১৬ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকে স্থানীয়রা প্রশংসায় ভাসাচ্ছেন তারা।

স্থানীয়রা জানায়, গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের আব্দুল হান্নান ১৯৯৮ সালে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হন। এরপর সংসার জীবন শুরু করলেও তার শেখার আগ্রহ ছিল প্রচুর। দীর্ঘ ২৫ বছর পর ২০২৩ সালে রুইগাড়ি হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন তিনি। এঘটনা এলাকায় মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

পরবর্তীতে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় আব্দুল হান্নান অংশ নেন বাঘা কাকড়ামারি কলেজ থেকে, আর তার মেয়ে হালিমা খাতুন অংশ নেন গোপালপুর ডিগ্রি কলেজ থেকে। ফলাফলে দুজনেই উত্তীর্ণ হয়ে প্রমাণ করেছেন, বয়স কখনো শিক্ষার বাধা নয়।

মেয়ে হালিমা খাতুন বলেন, পরিবারে দারিদ্র্য থাকলেও বাবার পড়াশোনার ইচ্ছাশক্তি আমাকে অনুপ্রাণিত করেছে। আমরা চাই, একসঙ্গে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা শেষ করতে।

বাবা আব্দুল হান্নান বলেন, ছোটবেলায় দারিদ্র্যের কারণে পড়াশোনা শেষ করতে পারিনি। মেয়েকে পড়াতে গিয়ে নিজের পড়ার আগ্রহ ফিরে পাই। বয়স কোনো বাধা নয়, ইচ্ছা থাকলে শেখা সম্ভব আমি সেটাই প্রমাণ করেছি।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান জানান, এটি সত্যিই অনুপ্রেরণাদায়ক একটি ঘটনা। একসঙ্গে বাবা-মেয়ে এইচএসসি পাস করেছেন এটি সমাজে শিক্ষার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত