এক্সপ্রেসওয়েতে বিকল ট্রাকের পেছনে ধাক্কা আরও দুই ট্রাকের 

মাদারীপুর জেলার শিবচরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে ভাঙ্গাগামী লেনে মালবাহী তিনটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনায় তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে মহাসড়কের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্র জানিয়েছে, সকালে ভাঙ্গাগামী লেনে একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় পরপর তিনটি ট্রাকের পরস্পরের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুমড়ে-মুচড়ে যায় ট্রাকগুলো। চালকসহ আহত হয় তিনজন। তবে নিহত হওয়ার খবর এখনও পাওয়া যায়নি। 

শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট আশিকুজ্জামান জানান, ‘মহাসড়কের ভাঙ্গাগামী লেনে সকাল ৮টার দিকে একটি ট্রাক বিকল হয়ে গেলে ট্রাকটি থামানো ছিল সড়কের পাশে। ওই ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কা দেয় তার পেছনে আরেকটি ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে দুই ট্রাক চালক ও সহকারীসহ তিনজন আহত হয়েছে।’

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বলেন, ‘আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের খবর পাওয়া যায়নি। মহাসড়কে এখন স্বাভাবিক। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকগুলো সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।’