পাঁচ ক্রুসহ তাইওয়ানের একটি মাছ ধরার নৌকা আটক করেছে চীন। চীনের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে গত মঙ্গলবার নৌকাটিকে আটক করা হয়।
নৌকার সাথে আটক করা হয়েছে সেটির পাঁচ ক্রুকেও। ক্রুদের মধ্যে দুজন তাইওয়ান এবং তিনজন ইন্দোনেশিয়ার নাগরিক। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
অন্যদিকে তাইওয়ান অভিযোগ করে বলছে, তাইওয়ান নিয়ন্ত্রিত দ্বীপ সংলগ্ন চীনা উপকূলের কাছাকাছি অবস্থান থেকে চীনের কর্মকর্তারা তাদের মাছ ধরা নৌকাটি আটক করেছে।
রয়টার্স জানায়, চীনের দক্ষিণপূর্বের বন্দর উইতোতে তাইওয়ানের নৌকাটি আটকে রাখা হয়েছে। ইতিমধ্যে তাইওয়ান কর্তৃপক্ষ চীনকে তাদের নৌকা এবং ক্রুদের ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে সতর্কবার্তা দিয়েছে। কিন্তু চীনের নৌকা থেকে পাল্টা বার্তা দিয়ে বলা হয়েছে হস্তক্ষেপ না করতে। এর মাধ্যমে চীনের সঙ্গে দ্বীপদেশটির উত্তেজনা আরও বাড়ল।
তাইওয়ানের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছে যে, মাছ ধরার নৌকাটি তাইওয়ান-শাসিত কিনমেন দ্বীপপুঞ্জের কাছে চীনের জলসীমায় ছিল। এ ছাড়া সেটি এমন সময় মাছ ধরতে চীনের জলসীমায় প্রবেশ করেছিল, যখন চীনে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলছে। চীনে মে থেকে আগস্ট মাস পর্যন্ত সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকে।
এদিকে চীনের কোস্টগার্ডের অভিযোগ, তাইওয়ানের নৌযানটি নিষেধাজ্ঞা লঙ্ঘন, নিষিদ্ধ ঘোষিত এলাকায় প্রবেশের পাশাপাশি মাছ ধরতে অবৈধ যন্ত্রপাতি ব্যবহার করছিল। তারা জানায়, নৌকার ক্রুরা ‘সমুদ্র মৎস সম্পদের ক্ষতি করছিল’।
চীন ও তাইওয়ানকে বিভক্ত করা ১১০ মাইল দীর্ঘ প্রণালিতে নিয়মিতই এ ধরনের ঘটনা ঘটে থাকে। তাইওয়ান নিজেদের স্বাধীনতা ঘোষণা করলেও চীন এখনো দ্বীপরাষ্ট্রটিকে নিজেদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ বলে মনে করে।