ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম নির্বাচনী বিতর্কে ভালো করতে না পারার কারণে জো বাইডেনের ওপর নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর চাপ প্রতিনিয়ত বাড়ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে জো বাইডেনের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। এমন অবস্থায় পরবর্তী বিতর্কের জন্য প্রস্তুতি নিচ্ছেন বাইডেন। তার বিশ্বাস এটাতে ভালো করতে পারলেই সবার আস্থা ফেরত আসবে।
বাইডেনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়েরে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাইডেনই হবেন ডেমোক্র্যাট প্রার্থী। তার সরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, প্রেসিডেন্ট (বাইডেন) ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছেন। তিনি পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য তৈরি। তাকে নিয়ে যেসব গুঞ্জন শোনা যাচ্ছে, তার পুরোটাই গুজব। খবর নিউ ইয়র্ক টাইমস ও সিএনএনের।
প্রতিবেদনে বলা হয়, নিজের এক অতি ঘনিষ্ঠ ব্যক্তিকে বাইডেন একই কথা বলেছেন। জানিয়েছেন, লড়াই থেকে কোনোভাবেই সরে দাঁড়ানোর আশঙ্কা নেই। বরং আগামী বিতর্কগুলোর জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। আগামী শুক্রবার তার একটি সাক্ষাৎকার আছে। সেটি ভালো হলেই সমস্ত আলোচনা আবার ঘুরে যাবে বলে বিশ্বাস করেন তিনি।
রয়টার্স জানিয়েছে, বুধবার সকালে তার প্রচার দলের দুই গুরুত্বপূর্ণ সদস্যের সঙ্গে কথা বলেন বাইডেন। বাইডেন সরে দাঁড়াচ্ছেন কি না, তা নিয়ে চিন্তিত ছিলেন ওই দুই ব্যক্তি। তাদের আশ্বস্ত করে বাইডেন জানান, সরে দাঁড়ানোর প্রশ্নই ওঠে না। এরপরেই আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউস বিবৃতি প্রকাশ করে।
এদিকে ক্রমবর্ধমান চাপের মধ্যেই গতকাল বুধবার (৪ জুলাই) ডেমোক্রেটিক পার্টির একদল প্রভাবশালী গভর্নর প্রকাশ্যে বাইডেনের প্রতি তাদের সমর্থন থাকার কথা জানিয়েছেন। গভর্নরদের ওই দলে মিনেসোটার টিম ওয়ালজ, মেরিল্যান্ডের ওয়াস মোর, ক্যালিফোর্নিয়ার গ্যাভিন নিউসম এবং নিউইয়র্কের ক্যাথি হোকলও ছিলেন। তাঁরা ওয়াশিংটনে বাইডেনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। হোয়াইট হাউসে হওয়া ওই বৈঠক এক ঘণ্টার বেশি সময় ধরে চলে, যেখানে বাইডেন তার দলের ২০ জনের বেশি গভর্নরের সঙ্গে সরাসরি ও ভার্চ্যুয়ালি কথা বলেন।
বৈঠক শেষে গভর্নররা সাংবাদিকদের বলেন, তারা বৈঠকে ‘খোলাখুলি’ আলোচনা করেছেন। তারা গত সপ্তাহের নির্বাচনী বিতর্কে বাইডেনের ‘নিষ্প্রভ’ উপস্থাপন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বলেছেন, আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারানোই এখন তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু তারা এখনো বাইডেনের পাশেই আছেন এবং বাইডেনের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার দাবি তোলা ডেমোক্র্যাটদের দলে যোগ দিচ্ছেন না।