জেল থেকে বেরিয়েই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৫:৫৮ পিএম

জেল থেকে মুক্তির পরই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হেমন্ত সোরেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ফের ভারতের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। গত ২৮ জুন তার জামিনের আবেদন মঞ্জুর করে ঝাড়খণ্ড হাইকোর্ট। হেমন্ত যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বৃহস্পতিবার ইন্ডিয়া জোটের নেতাদের রাজভবনে ডেকেছিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল। সেখানে জেএমএমের তরফে হেমন্ত ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস এবং আরজেডি নেতারা। ওই বৈঠকের পরই সরকার গঠনের জন্য হেমন্তকে অনুমতি দিয়েছেন রাজ্যপাল। তার পরেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিজেপিকে খোঁচা দেন হেমন্ত। বলেন, শত্রুরা যে গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র করে সেটার দিন শেষ হতে চলেছে। সত্যমেব জয়তে স্লোগানও লেখেন তিনি।

উল্লেখ্য, দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করে হেমন্তকে। গত পাঁচ মাস বিরসা মুন্ডা সেন্ট্রাল জেলে বন্দি ছিলেন তিনি। গ্রেপ্তার হওয়ার আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন হেমন্ত। তার জায়গায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে বসানো হয় চম্পাই সোরেনকে। এখন হেমন্ত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কারণে বুধবার সন্ধ্যা সাতটার দিকে রাজ্যপাল সিভি রাধাকৃষ্ণনের কাছে ইস্তফা জমা দেন চম্পাই। 

ইস্তফাপত্র গৃহীত হওয়ার পরেই সরকার গঠনের জন্য রাজ্যপালের কাছে দাবি জানান জেএমএম নেতা হেমন্ত। জমি দুর্নীতি এবং আর্থিক তছরুপের অভিযোগে চলতি বছরের জানুয়ারি মাসে তাকে গ্রেপ্তার করে ইডি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত